
শেষ আপডেট: 8 October 2023 19:14
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় ৬টা ২৫। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর ফিরহাদের বাড়ি ত্যাগ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফিরহাদের বাড়ি সামনে তাঁর অনুগামীদের ভিড় চোখে পড়ার মতো।
রবিবার সাত সকালে আচমকাই ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতিতে তথ্য সংগ্রহ করতেই পুরমন্ত্রীর বাড়িতে যান তাঁরা। চেতলা অগ্রণী ক্লাবের পাশেই ফিরহাদের বাড়ির এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কেন্দ্রীয় বাহিনী পাহারা দেন বাড়ি। কাউকেই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
সেই থেকে টানা তল্লাশি অভিযান চলে পুরমন্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, পুরমন্ত্রী হিসেবে রাজ্যের পুরসভায় নিয়োগ সম্পর্কে ফিরহাদ কী কী জানেন সেটাই জেনে নিতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সিবিআই বাড়ি ছাড়তেই ভেতরে যান ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী। তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, 'মানসিক নির্যাতন করতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। যা যা নথি চাওয়া হয়েছে সব দেওয়া হয়েছে।'
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই সিবিআই পুর দুর্নীতির খোঁজ পায়। বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে আনেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হাইকোর্টের নির্দেশে আলাদা করে তদন্ত শুরু করে সিবিআই, ইডি। সেই তদন্তে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রবিবার ফিরহাদ, মদন সহ মোট ১২টি জায়গায় হানা দেন তাঁরা।