
শেষ আপডেট: 22 November 2023 19:08
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে ক্যাশলেস অর্থনীতি চালু করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে কর্মসংস্থান নষ্ট হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ক্ষুদ্র শিল্পের সপক্ষেও সওয়াল করেন তিনি।
বুধবার ছিল সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের শেষ দিন। এদিন বিকেলে সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “আমি তো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করি না। কই, তাতে তো আমার কোনও সমস্যা হয় না। মনে রাখতে হবে ক্যাশলেস অর্থনীতি কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করে না।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “হ্যাঁ আমরা ডিজিটাইজেশন চাই, কিন্তু কর্মসংস্থান নষ্ট করে নয়।” অর্থাৎ ক্যাশলেস অর্থনীতির নামে ক্ষুদ্র শিল্পকে ধ্বংসের চেষ্টা যে তিনি বা তাঁর দল সমর্থন করেন না, সেটাই স্পষ্ট করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। দিয়েছেন ব্যাখ্যাও।
মুখ্যমন্ত্রী বলেন, “এখানে অনেকে চা এর দোকান দেখে বলে এতে কি হয়, এটা তো একটা ছোট্ট চা এর দোকান। কিন্তু আমি যখন বিদেশে যাই সেখানে দেখি প্রচুর রোড সাইড দোকান আছে।আজকের যুব সমাজ তাঁরা বড় বড় শপিং মলে যেতে পছন্দ করে। কিন্তু ছোটো ছোটো দোকানগুলোতেও অনেক ব্যবসা হয়। আমি ছোটো ব্যবসায়ীদের বলব নিজেদের কখনও ছোটো ভাববেন না। আপনার হয়তো মনে হতে পারে আপনার মাত্র ৫ কোটি টাকার ব্যবসা, আরে কে বলতে পারে আপনার ব্যবসাই একদিন ৫০ কোটির হবে না।”
মনে করিয়ে দিয়েছেন, “স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। অনেক সময় আমরা অনেক বড় বড় জিনিস দেখি, কিন্তু তারা অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করে না, যা ক্ষুদ্র ও কুটির শিল্প করতে পারে।”