
ফাইল ছবি।
শেষ আপডেট: 19 December 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো: ডিএ আদায়-সহ নানা দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
পুলিশ অনুমতি না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন যৌথমঞ্চের নেতৃত্ব। ওই মামলাতেই বৃহস্পতিবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আর কোনও ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। কারণ এলাকাটি ‘স্পর্শকাতর’।
বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি প্রথমেই নবান্ন বাসস্ট্যান্ডের পরিবর্তে সংলগ্ন মন্দিরতলা বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি করার প্রস্তাব দেন। আদালত সূত্রের খবর, মামলাকারীর আইনজীবী সেই প্রস্তাব মানতে চাননি। তিনি জানান অতীতেও ওই এলাকায় অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।
এরপরই বিচারপতি ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, ওই এলাকাকে ‘স্পর্শকাতর’ হিসাবেই দেখছেন তিনি। ফলে এখন থেকে ওই এলাকায় আর কোনও সংগঠনকেই কোনও কর্মসূচি করার অনুমতি দেওয়া যাবে না।
অর্থাৎ বিচারপতির নির্দেশ থেকে স্পষ্ট, এখন থেকে নবান্ন বাসস্ট্যান্ড সংলগ্ন ওই এলাকা বাদ রেখে অন্যত্র অবস্থান কর্মসূচির জন্য আবেদন জানাতে হবে আন্দোলনকারীদের।