
শেষ আপডেট: 23 December 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: ছাদে কাপড় মেলতে গিয়ে মাথা ঘুরে গিয়েছিল হঠাৎ। চেতনা হারিয়ে পড়ে গিয়েছিলেন নির্মীয়মাণ বাড়ির পিলার থেকে বেরিয়ে থাকা লোহার রডের উপর। সেই রড শরীর ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। বাম হাতের তলা দিয়ে ঢুকে ৫৫ বছরের প্রৌঢ়ার শরীর ভেদ করে ডান কাঁধ দিয়ে বেরিয়ে গিয়েছিল সেই রড। বাঁচার আশঙ্কা ছিল না বললেই হয়। তবে অসাধ্য সাধন করে দেখিয়েছে কলকাতা মেডিকেল কলেজ। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে অস্ত্রোপচার করা হয় মহিলার। তাতে দিব্যি সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রোগিণী।
ঘটনাটি হুগলির হরিপালের। বুধবার কাপড় শুকোতে দিতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর মালা খাঁড়া নামে ওই মহিলাকে দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আত্মীয় প্রতিবেশীরা। চিকিৎসকরা তাঁর অবস্থা দেখেই আশঙ্কিত হয়ে পড়েন। তবে পরীক্ষা করে দেখা যায়, শরীরের এফোঁড় ওফোঁড় করে দিলেও আশ্চর্যজনকভাবে মালাদেবীর শরীরের কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করেনি। এমনকী, কাঁধ এবং হাত সংলগ্ন এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি শিরা-ধমনী রয়েছে, যেগুলি ক্ষতিগ্রস্ত হলে পক্ষাঘাত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারত, তার কোনওটির গায়েই আঁচ পড়েনি।
এরপরেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শিবজ্যোতি ঘোষের নেতৃত্বে তৈরি করা হয় একটি মেডিকেল বোর্ড যার মধ্যে ছিলেন একাধিক সিনিয়র রেসিডেন্ট সার্জন। সময় নষ্ট না করে শুরু হয় অস্ত্রোপচার। সেই পর্ব মেটার পর এখন সুস্থই রয়েছেন মালাদেবী। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেশ দ্রুত। আর ২-৩ দিনের মধ্যে মহিলাকে ছুটি দিয়ে দেওয়া যাবে বলে আশাবাদী চিকিৎসকরা।
তবে এমন ঘটনায় অবাক রোগিণীর আত্মীয় পরিজন থেকে শুরু করে তিনি নিজেও। তাঁদের মুখে এখন একটাই কথা, 'রাখে হরি, মারে কে!'