
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 11 June 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: খোদ পুলিশের বিরুদ্ধে চন্দননগরের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ব্যবসায়ীর পরিবার। আর সেই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।
অভিযোগ, চন্দননগরে বাড়ি থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ডানকুনিতে ব্যবসায়িক কাগজপত্র সই করানো হয়। ঘটনাটিতে চন্দননগর কমিশনারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে অভিযোগকারী ব্যবসায়ীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এদিন আদালতে আবেদনকারীর আইনজীবী বলেন, গত ৯ জুন তাঁর মক্কেলের বাড়িতে সুইটি গাঙ্গুলি নামে এক মহিলা আসেন। ডানকুনি পুলিশ স্টেশন থেকে আসছেন বলে জানান তিনি। নিজেকে পুলিশ বলে পরিচয় দেন ওই মহিলা। এরপর ডানকুনিতে তাঁর মক্কেলের পরিচিত আরেক ব্যবসায়ীর কাছে নিয়ে যান। সেখানে ভয় দেখিয়ে কিছু কাগজে সই করিয়ে নেওয়া হয়।
এখানেই শেষ নয়, আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, বিষয়টি নিয়ে চন্দননগর থানায় ব্যবসায়ীর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। ব্যবসায়ীর অভিযোগ, পুলিশের মদতেই গোটা ঘটনাটি ঘটেছে। আর এই সংক্রান্ত মামলাতেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট।