
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম
শেষ আপডেট: 26 April 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির ঘটনা প্রসঙ্গে এমন পর্যবেক্ষণ আদালতের। নির্বাচন কমিশনের ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত বলে মনে করছে হাইকোর্ট।
গত বছরের মতো এবছরও রামনবমীর দিন রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছে। প্রধান বিচারপতির বক্তব্য, যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই। শুধু তাই নয়, রাজ্যের থেকে এই ইস্যুতে রিপোর্টও তলব করা হয়েছে।
রামনবমীর দিন ফের উত্তপ্ত হয় রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা। এক দল দুস্কৃতীর বিরুদ্ধে রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শক্তিপুরের পাশাপাশি মাণিক্যহার এলাকাতেও চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ির ছাদ থেকে মিছিলকে লক্ষ করে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এমনকী তাঁদেরকে হাসপাতালে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেও।
জেলার অশান্তির ঘটনায় এনআইএ-র তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে সিআইডি।
অধীর চৌধুরী এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, নির্বাচন কমিশন তাঁকে প্রতিশ্রুতি দিয়েছে যে এবারের ভোট নিরাপদে, নির্বিঘ্নে হবে। তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে। কমিশনের আস্থা পেয়েই তিনি বহরমপুরের মানুষকে আশা দিয়েছেন স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোটের। তবে রামনবমীর ঘটনার পর আসন্ন ভোট নিয়ে চিন্তা থেকেই গেল। কংগ্রেস প্রার্থী অবশ্য এখনও নির্বাচন কমিশনের আশ্বাসে ভরসা রাখছেন।