শুনানিতে আদালতের নজর যায় এক অন্য ঘটনায়। বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল যুক্তি-তর্ক শুরু হলে কিছু মামলাকারী হাততালি দিয়ে একপক্ষকে সমর্থন করেন।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 12 November 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র পরীক্ষায় (SSC Exam) অতিরিক্ত ১০ নম্বরের (10 Marks) সিদ্ধান্তকে ঘিরে ফের বিতর্ক। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চ জানিয়ে দিয়েছে, এসএসসি ২০২৫-এর ফল প্রকাশ ও সুপ্রিম কোর্টে (Supreme Court) চলা সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই বিষয়ে শুনানি করবে না। ফলে আপাতত স্থগিত থাকল মামলার কার্যক্রম। পরবর্তী শুনানি হবে ২৮ নভেম্বর।
নতুন বিতর্ক তৈরি হয় স্কুল সার্ভিস কমিশনের (SSC) এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব চাকরিপ্রার্থীর সরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাঁরা পাবেন অতিরিক্ত ১০ নম্বর। এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে।
তবে বুধবারের শুনানিতে আদালতের নজর যায় এক অন্য ঘটনায়। বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল যুক্তি-তর্ক শুরু হলে কিছু মামলাকারী হাততালি দিয়ে একপক্ষকে সমর্থন করেন। এতে বিরক্ত হয়ে বিচারপতি নির্দেশ দেন - আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত এমন মামলায় মক্কেলদের আদালতকক্ষে ঢুকতে দেওয়া হবে না।
বিচারপতির পর্যবেক্ষণ, এইভাবে আদালতের উপর চাপ সৃষ্টি করা যায় না! এই ঘটনার পরেই আদালত থেকে বের করে দেওয়া হয় উপস্থিত মামলাকারীদের।
এদিকে, মামলার শুনানিতে বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি ভিডিও আদালতের সামনে উপস্থাপন করেন, যেখানে দেখা যায় - একদল মানুষকে মামলা চলাকালীন আদালতে ভিড় করার আহ্বান জানানো হচ্ছে। উদ্দেশ্য, বিচারকের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, “এই কৌশলে আদালতকে প্রভাবিত করা সম্ভব নয়।”
অন্যদিকে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে - অতিরিক্ত ১০ নম্বরের নিয়ম কার্যকর হবে কিনা। এখন সকলের চোখ ২৮ নভেম্বরের শুনানির দিকে। সেই দিনই হয়তো মিলবে চূড়ান্ত দিকনির্দেশ।