
শেষ আপডেট: 15 December 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: কোনও বাসের জানলা ভাঙা তো কোনও বাসের দরজা। আবার কোনও বাসের অবস্থা আরও ভয়ঙ্কর। লজঝড়ে অবস্থা বাসের, বেরিয়ে আছে লোহার খাঁচা। এমন বাসে উঠতে অনেকেই ভয় পান। কিন্তু উপায় না থাকায় 'প্রাণ' হাতে নিয়ে বাসে চড়তে হয় যাত্রীদের। প্রায়ই শোনা যায় যাত্রীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। এইসব বাসে যাত্রীদের দুরবস্থার কথা শোনালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
অস্থায়ী কর্মী নিয়োগ সম্পর্কে একটি মামলার শুনানিতে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের (এনবিএসটিসি) ম্যানেজিং ডিরেক্টর। প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক শুক্রবার হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন তিনি। তখনই বাসের খারাপ অবস্থা নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিনের মামলায় এনবিএসটিসি-র এমডিকে বলে, 'আপনাদের নিগমের বাসগুলির পরিস্থিতি ভয়াবহ। কীভাবে আপনারা ওই লজঝড়ে বাস চালাচ্ছেন? যাত্রীদের দুরাবস্থার কথা ভাবলে কষ্ট হচ্ছে।'
এখানেই থেমে থাকেননি প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, 'এইরকম খারাপ অবস্থার বাসগুলিই দ্রুত গতিতে চলাচল করছে। কোনও বাসে যদি যাত্রী বোঝাই থাকে আর সেই অবস্থায় যদি চালক ব্রেক কষেন তাহলে কী পরিস্থিতি হবে বুঝতে পারছেন? জানি না কীভাবে চালকরা ওই বাসগুলি চালাচ্ছেন।'
তবে এদিনের মামলার বিষয় ছিল অন্য। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের সঙ্গে এক ঠিকাদারের চুক্তি হয়েছিল। কিন্তু ওই ঠিকাদারের বৈধ লাইসেন্স না থাকায় ৩৫ জন চুক্তিভিত্তিক কর্মীকে বরখাস্ত করে উত্তরবঙ্গ পরিবহণ নিগম। সেই বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের দ্বারস্থ হন চুক্তিভিত্তিক কর্মীরা। ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল চুক্তিভিত্তিক কর্মীদের পুনরায় নিয়োগের নির্দেশ দেয়।
ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এনবিএসটিসি। যদিও হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে বহাল থাকে নিয়োগের নির্দেশই। পরে নিগম সুপ্রিম কোর্টেও মামলা করে। কিন্তু শীর্ষ আদালতেও তাদের আবেদন খারিজ হয়ে যায়। এরপরই হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন ওই চুক্তিভিত্তিক কর্মীরা। সেই মামলাতেই নিগমের এমডিকে সশরীরে হাজিরা নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার শুনানি শেষে হাইকোর্ট জানায়, সাতদিনের মধ্যে নিয়োগের নির্দেশ কার্যকর করতে হবে উত্তরবঙ্গ পরিবহণ নিগমকে।