রাজ্য সরকারের দাবি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও শিল্প—সব ক্ষেত্রেই জনকল্যাণমুখী নীতি ও পরিকল্পনার মাধ্যমে এগোচ্ছে বাংলা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 September 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে জমি ব্যবহারের নতুন প্রস্তাব, স্কুলশিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
জয়রামবাটি ও কামারপুকুর এলাকার সার্বিক উন্নয়নের জন্য এদিনের বৈঠক থেকে নতুন একটি উন্নয়ন বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই বৈঠকটি আগে ১ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরে তা পিছিয়ে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিধানসভা অধিবেশনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জমি ব্যবহারে বড়সড় ছাড়
জমি ব্যবহারের ক্ষেত্রে একাধিক বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাওড়ার লিলুয়ায়: ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমির অনুমোদন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে: লিজ ও ফ্রি হোল্ড জমি বরাদ্দ। দক্ষিণ ২৪ পরগনায় আবাসিক ব্যবহারের জন্য ফ্রি হোল্ড জমি বরাদ্দ। পূর্ব মেদিনীপুরের দিঘায় হিডকোকে ই-অকশনের মাধ্যমে হোটেল ও বাণিজ্যিক ব্যবহারের জন্য জমি বরাদ্দ। হুগলির পোলবায় টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং-কে ফ্যাক্টরি তৈরির জন্য জমি বরাদ্দ।
শিল্প ও হোটেল বিনিয়োগে গতি আনতে জমি সংক্রান্ত এই সিদ্ধান্তগুলি রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
স্বাস্থ্যপরিষেবায় নজর: বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এবার থেকে ৪০ বছরের ঊর্ধ্বে WBCS ও WBPS ক্যাডারের অফিসারদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। দীর্ঘমেয়াদি পরিষেবা দেওয়ার পরেও অফিসারদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
শিক্ষা খাতে ভাষাভিত্তিক নিয়োগ
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে রাজবংশী ও কামতাপুরি ভাষায় প্রাথমিক বিদ্যালয় চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগ করা হবে ১২ জন প্যারা-টিচার। এছাড়াও রাজবংশী মাধ্যম: ২ জন প্যারা-টিচার, কামতাপুরি মাধ্যম: ১০ জন প্যারা-টিচার নিয়োগ করা হবে।
নতুন পদ সৃষ্টি
প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তপোক্ত করতে নতুন ১৮টি পদ সৃষ্টির প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে উল্লেখযোগ্য:
মৎস্য দফতর: Joint Director of Finance – ১টি
অর্থ দফতর: Deputy Secretary (Technical) – ২টি
নারী ও শিশু কল্যাণ: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে IT Officer – ১টি
রাজভবন: গভর্নরের মেয়াদে অস্থায়ীভাবে ২টি OSD (Senior Level) পদ
নার্সিং নিয়োগে জোর
রাজ্যের ১১টি মেডিকেল কলেজে বিপুল সংখ্যক নার্সিং স্টাফ নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে। স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করতেই এই উদ্যোগ।
শিল্প ও কর্মসংস্থানে নজর
মুখ্যমন্ত্রীর দফতরের অধীনে শিল্প ও কর্মসংস্থান সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ৭১তম বৈঠকের কার্যবিবরণী পেশ হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্য যে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে, তা ফের একবার স্পষ্ট হয়েছে এই বৈঠকে।
রাজ্য সরকারের দাবি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও শিল্প—সব ক্ষেত্রেই জনকল্যাণমুখী নীতি ও পরিকল্পনার মাধ্যমে এগোচ্ছে বাংলা।