হরিহরপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের হাত কেটে পড়ে গেল রাস্তায়। হাত রাস্তা থেকে তুলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জখম মানিক
শেষ আপডেট: 14 October 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাত কেটে রাস্তায় পড়ল এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় হাত প্লাস্টিকে করে হাসপাতাল পৌঁছলেন তিনি। ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ার।
আহত যুবকের নাম মানিক মণ্ডল (৩০), বাড়ি গরিবপুর ফরাজি পাড়ায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যাত্রী আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙায় ও সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছিতে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে চলন্ত বাসের জানলা দিয়ে কয়েকজন যাত্রী হাত বের করে বসেছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি পণ্যাবাহী ট্রাক এসে হাসে ধাক্কা মারে। মুহূর্তেই বাসের ভিতরের সকলে এ ওর গায়ে পড়ে যান। মানিকের হাত বাইরে ছিল। সেটি কেটে রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, রাজ্যসড়কে দ্রুতগতিতে গাড়ি চলে। একাধিক দুর্ঘটনার পরও কেউ কোনও পদক্ষেপ করে না।