
শেষ আপডেট: 30 December 2022 13:53
দ্য ওয়াল ব্যুরো: চোখের সামনে ডিভাইডারে ধাক্কা মেরেছিল প্রচণ্ড স্পিডে থাকা গাড়িটি। চোখের সামনে দেখেছিলেন বাসচালক (Bus Driver)। তারপরেই বাস ফেলে ছুটে গেছিলেন। ততক্ষণে জ্বলে উঠেছে সেই মার্সিডিজ গাড়ি, আর চার চালক জানলা দিয়ে বার করেছেন নিজের রক্তাক্ত শরীরের খানিকটা অংশ। এই দৃশ্য দেখেই আর একটুও দেরি করেননি ওই বাসচালক। গাড়ির জখম চালককে বার করেন তিনি, ব্যবস্থা করেন অ্যাম্বুল্যান্সের। তাঁরই জন্য কার্যত প্রাণে বেঁচে যান ঝলসে যাওয়া ওই গাড়ির আহত চালক।
কিন্তু বাসচালক সুশীল মান তখনও জানতেন না, যাঁকে তিনি বাঁচালেন, তিনিই ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঋষভ পন্থ (Rishabh Pant)!
আজ, শুক্রবার সকালে ঋষভ পন্থের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে হু হু করে। কিন্তু একথা অনেকেই জানেন না, সুশীল মান নামের ওই বাসচালক ঠিক সময়ে না এসে পড়লে, বড় বিপদ হয়ে যেতে পারত ক্রিকেটারের সঙ্গে।

তবে সুশীল মান এই গোটা কাজটাই করেছেন নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই। ঋষভ পন্থকে আদৌ চেনেনি তিন। দুর্ঘটনা দেখে মানবিকতার খাতিরেই করেছেন, যা তাঁর করণীয়। তিনি বলেছেন, 'আমি ক্রিকেট দেখি না। তাই জানি না ঋষভ পন্থ কে!'
দুর্ঘটনার পরে একটি বৈদ্যুতিন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীল মান বলেন, 'আমি দুর্ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে ডিভাইডারের দিকে ছুটে যাই। গাড়িটা অনেকবার পাল্টি খেয়ে তার পরে আছড়ে পড়ে। আমি ভয় পাচ্ছিলাম, আমার বাসের সঙ্গে না ধাক্কা লেগে যায়! ছুটে গিয়ে দেখি, গাড়ির জানলা দিয়ে চালকের শরীরের অর্ধেকটা অংশ বেরিয়ে রয়েছে। তিনি আমায় বলেন, তিনি ক্রিকেটার। কিন্তু আমি চিনতে পারিনি।'
তবে সুশীল না চিনলেও তাঁর বাসের বাকি যাত্রীরা ঋষভ পন্থকে চিনতে পেরেছিলেন। এর পরে ঋষভকে গাড়ি থেকে বার করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন ওই চালক। তার পরে গাড়ি থেকে একটি ব্যাগ খুঁজে বার করেন, যাতে কয়েক হাজার টাকা ছিল। সেটা তিনি অ্যাম্বুল্যান্সে গিয়ে দিয়েও দেন ঋষভের হাতে।

চালকের এই সততা, সরলতা এবং একইসঙ্গে কর্তব্যপরায়ণতা মুগ্ধ করেছে সকলকে। করেছে বিস্মিতও। কারণ অনেকেই জানতে পেরেছেন, তারকা ক্রিকেটার মানেই যে সকলের পরিচিত মুখ, তা নয়।
'শুধু পা নয়, মাথা দিয়েও খেলতে হয় ফুটবল!' কলকাতায় পেলের আশ্চর্য ছবি তুলেছিলেন নিমাই ঘোষ