অভিযোগ, কে-১১ রুটের বাসটি সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতিতে বাঁক নিতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে ওঠে দিঘাগামী বাসটি।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 24 November 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: রেষারেষি করতে গিয়ে ফের দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস! যার জেরে জখম হলেন একাধিক যাত্রী। সোমবার দুুুপুরে ঘটনাটি ঘটেছে, সাঁতরাগাছি ব্রিজের ওপর (Bus collision causes horrific accident on Santragachi Bridge)। আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের রেষারেষির জেরেই এই দুর্ঘটনা।
ঘটনার জেরে ব্যস্ত সময়ে সেতুতে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে-১১ রুটের বাসটি কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে বাসটি যাত্রীতে প্রায় ভরা ছিল। অন্যদিকে, দিঘা থেকে হাওড়া অভিমুখে আসছিল আরেকটি যাত্রীবোঝাই বাস। সাঁতরাগাছি ব্রিজের মাঝামাঝি জায়গায় পৌঁছতেই ঘটে বিপত্তি।
অভিযোগ, কে-১১ রুটের বাসটি সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতিতে বাঁক নিতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে ওঠে দিঘাগামী বাসটি। দু’টি বাসের চালকই ব্রেক কষার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
দুর্ঘটনার তীব্রতায় যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকে ছিটকে পড়ে যান বাসের ভেতরেই। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে আহতদের বাইরে বের করতে সাহায্য করেন। ব্রিজের ওপরে মুহূর্তে লম্বা লাইন পড়ে যায় গাড়ির। প্রায় আধঘণ্টার বেশি সময় যানজটের জেরে গুরুত্বপূর্ণ সংযুক্ত রাস্তার ওপর চাপ তৈরি হয়।
খবর পেয়েই পৌঁছয় জগাছা থানার পুলিশ। কন্ট্রোল রুম থেকে ক্রেন ডেকে এনে বাস দু’টি ব্রিজের একপাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ জানায়, কে-১১ রুটের বাসের চালককে আটক করা হয়েছে। দিঘা থেকে আসা বাসটির চালক পলাতক। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে।
আহত বাসযাত্রী মিনা ভট্টাচার্য জানান, “হঠাৎ ধাক্কাটা এমন জোরে হয় যে সিট থেকে ছিটকে পড়ে যায়। কেউ বুঝতেই পারিনি কী হচ্ছে। চিৎকারে কানে তালা লেগে গিয়েছিল।”
অন্য এক যাত্রী মাধুরী ঢালি বলেন, “হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ব্রিজে উঠতেই দেখি সামনের বাসটা হঠাৎ বাঁ দিকে ঘুরে এল। সেকেন্ডের খেলায় সব শেষ। ভাগ্য ভাল, আরও বড় দুর্ঘটনা হয়নি।”
ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা নতুন নয়, কিন্তু ব্যস্ত সময়ে সাঁতরাগাছি ব্রিজের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এমন সংঘর্ষে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, দু’টি বাসের গতি, ব্রেকিং দূরত্ব এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোনো হবে।
যাত্রীদের একাংশের দাবি, ব্রিজে নিয়মিত নজরদারি বাড়ানো উচিত। সময়মতো নিয়ন্ত্রণ না করলে ‘ওভারটেকের দৌড়’ একদিন আরও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে।