
শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য
শেষ আপডেট: 9 August 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: শেষ যাত্রায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সকাল সাড়ে ১১টার পর বিধানসভা থেকে বুদ্ধদেববাবুর দেহ বের করা হয়। এরপর বেলা ১২টায় তাঁর মরদেহ এসে পৌঁছয় আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরে।
জীবনের প্রায় বেশিরভাগ সময়টা আলিমুদ্দিনের মুজফফর আহমেদ ভবনে কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর বহু লড়াইয়ের সাক্ষী এই আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএম দফতর। সেখানেই এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান বাম নেতা-কর্মীরা। বুদ্ধবাবুকে শেষবারের মত দেখতে সকাল থেকে ভিড় জমান অগুনতি বাম সমর্থকেরা।
আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকাক সহ বহু বাম নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে আসার আগে থেকেই দূর দূরান্ত থেকে সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই, সিটু ও অন্যান্য বাম সংগঠনের একাধিক নেতৃত্বও আলিমুদ্দিনে পৌঁছন।
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মরদেহ সারারাত রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টার খানিকক্ষণ বাদে পিস ওয়ার্ল্ড থেকে বের করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপর শোকযাত্রা করে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেইখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান শাসক-বিরোধী সকলেই। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ে ছিলেন বিধানসভার প্রাক্তন কর্মীরাও। সকলের অনুরোধে কিছু ক্ষণের জন্য থমকায় শববাহী গাড়ি।
মুজফফর আহমেদ ভবনে বুদ্ধবাবুর মরদেহ ৩.১৫ মিনিট পর্যন্ত দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে মরণোত্তর দেহদান।