
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 January 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরে বাংলাদেশ অস্থির পরিস্থিতি। যার জেরে সীমান্তে উদ্বেগ ছিলই। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো বিএসএফের চিঠি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
বিএসএফ সূত্রের দাবি, মালদহ, নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্তে বড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। এ ব্যাপারে যাবতীয় রিপোর্ট ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় সীমান্ত সুরক্ষা বাহিনী।
বিএসএফ সূত্রে খবর, সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ড্রোন ক্যামেরা ও টিবি জেড ক্যামেরা লাগানো হয়েছিল। সম্প্রতি মালদহ, নদিয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের সীমান্ত এলাকা থেকে অন্তত ১৫ টি ক্যামেরার ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। শুধু ক্যামেরার ব্যাটারি নয় যে তারের মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে ক্যামেরাগুলো যুক্ত করা হয় সেই তারও চুরি করা হয়েছে। সীমান্তের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই তার চুরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
বিএসএফের এক কর্তা বলেন, "এটা কোনও সাধারণ মানুষের কাজ নয়। নজরদারির জন্যই এই ক্যামেরাগুলি লাগানো হয়েছিল ফলে এগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনা থেকেই স্পষ্ট এর পেছনে জঙ্গিদের বড় নাশকতার ছক থাকতে পারে। আমরা সতর্ক রয়েছি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র কেউ প্রয়োজনীয় রিপোর্ট পাঠানো হয়েছে।"
সীমান্তের বেশ কিছু এলাকায় এখনও কাঁটাতার নেই। সূত্রের খবর, সেই সব এলাকায় নজরদারি বৃদ্ধির জন্যই এই অত্যাধুনিক ড্রোন ও পিজিটি ক্যামেরা বসানো হয়েছিল। কুয়াশাকে হাতিয়ার করে এগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি বিএসএফ সূত্রের।