.jpeg)
বিধায়ক বিশ্বনাথ দাস।
শেষ আপডেট: 17 February 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের কথা ভেবে এই সময়ের মধ্যে মাইক না বাজানোর নিয়ম রয়েছে। অথচ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার সন্ধেয় তারস্বরে মাইক বাজিয়ে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং বিধায়ক!
গোটা ঘটনায় প্রশ্নের মুখে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের ভূমিকা। অভিযোগ, তাঁর নির্দেশেই মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধন করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, 'ক্ষমতার দম্ভ'। বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ দলেরও একাংশ। তাঁরা গোটা বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছেন।
তবে বিধায়কের বক্তব্য, তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ঠিক নয়। বিষয়টি নিয়ে অযথা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ বিধায়কের।
স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধেয় দক্ষিণ বারাসত স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন হয়। সেখানে তারস্বরে মাইক বাজানো হয় বলে অভিযোগ। বস্তুত, আজ সোমবারও মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে। রবিবার সন্ধেয় তারস্বরে মাইক বাজানোর ফলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়। গোটা ঘটনায় বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার একাংশ মানুষও। জেলা নেতৃত্ব পদক্ষেপ করেন কিনা, সেদিকেই তাকিয়ে তাঁরা।