দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। তাই কয়েক সপ্তাহ হল নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। কিন্তু কে জানত, কোয়ারেন্টাইনে থেকেও বিশালাকার পাখির কামড় খেতে হবে! যে-সে কেউ নয় খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়রো বলসোনারোর সঙ্গে ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, ছোট আকৃতির উটপাখি বা এমুর মতো দেখতে এই পাখির স্থানীয় নাম রীয়া। অনেক দিন ধরেই সেগুলি রয়েছে। প্রেসিডেন্টের বাসভবনের খোলা চত্বরেই ঘুরে বেড়ায় তারা। তাদের সঙ্গে অবসরে খেলাও করেন প্রেসিডেন্ট, খেতেও দেন কখনও কখনও। গত ৭ জুলাই করোনা ধরা পড়ার পর থেকেই আইসোলেশনে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বাড়িতে থেকে পশু-পাখির সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। এদিন বিকেলেও প্রাসাদ চত্বরে পাখিদের খাওয়াতে যান প্রেসিডেন্ট বলসোনারো। এমন সময়েই তাকে ঠুকরে দেয় এক রীয়া পাখি।
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে সামনে আসতেই হাসির রোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। কেউ আবার ব্যঙ্গ করতেও ছাড়ছেন না। লিখেছেন, "পাখিরাও এখন পরিবেশের জন্য ক্ষতিকর মানুষদের চিনে গেছে।" কেউ আবার লিখেছেন, "এই ঘটনায় বোঝা যাচ্ছে, অবশেষে প্রকৃতি সেরে উঠছে।"
https://twitter.com/pedromuriel/status/1282859463863672834
পরিবেশের প্রতি বলসোনারো যথেষ্ট সংবেদনশীল নন, এ অভিযোগ তাঁর বিরুদ্ধে আগে থেকেই রয়েছে। গত বছর অগাস্টে আমাজনের অরণ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৃথিবীর ফুসফুস ঝাঁঝরা হয়ে যাওয়ার পিছনে তাঁর মদত ছিল বলে অভিযোগ ওঠে। পরিবেশবিদদের দাবি, বলসোনারো কাঠুরে ও কৃষকদের জমি সাফ করতে উৎসাহিত করেছেন বলেই আগুন লাগানো হয়েছে ইচ্ছাকৃত ভাবে।
তাই পরিবেশের প্রতি প্রবল বৈরী বলসোনারোর এমন নেতিবাচক অবস্থানের কারণেই রীয়া পাখির কামড় নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তাকে।
শুধু তাই নয়, করোনা নিয়েও শুরু থেকেই নেতিবাচক অবস্থানে ছিল বলসোনারোর সরকার। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় স্থানে পৌঁছে যায় শুধু মাত্র অসাবধানতার কারণে। শুরু থেকেই করোনাভাইরাসকে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো সংক্রমণ বলে ব্যাখ্যা করে আসছিলেন বলসোনারো। লকডাউনও তুলে নেন।
অবশেষে গত ৭ জুলাই নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এবার জুটল পাখির কামড়ও।