
ব্রাত্য বসু ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: 9 April 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ভেস্তে দেওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। পাল্টা জবাবে অভিজিতের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
এদিন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে নিজের সেই ফর্মুলার চিঠি ছিঁড়ে দিয়ে প্রাক্তন বিচারপতি বলেন, "কসবা থেকে বারাসত, দিকে দিকে যেভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে, তা মেনে নেওয়া যায় না। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার যে বৈঠকে বসার কথা ছিল, তা বাতিল করলাম।"
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "তাই যদি হবে, তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? ওটাও তো সরকারি সংস্থা। ওখানেও তো বযকট করতে পারতেন!" এরপরই কটাক্ষের সুরে ব্রাত্য বলেন, "সর্প হয়ে দংশন করো, ওঝা রূপে ঝাড়ো! এটাই তো ওর পলিসি!"
যোগ্য ও অযোগ্য নিয়ে বিতর্কের আবহে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, তা খতিয়ে দেখছে সরকারের প্রতিনিধি দল। এ ব্যাপারে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে 'দিদি' সম্বোধন করে সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছিলেন অভিজিৎবাবু। ওই প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছিলেন, "অভিজিৎবাবু এতদিন তো সিস্টেমে কাজ করেছেন, উনি যে অ্যাপিলটা করেছিলেন, সেখানে বলেছিলেন, দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে বলছি। তাহলে উনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন না কেন? কেন মিডিয়ার মাধ্যমে আর্জি জানাচ্ছেন?"
এরপরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বুধবার বেলা ১২টার সময় তিনি যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ফর্মুলা নিয়ে নবান্নের দুয়ারে পৌঁছে যাবেন।
একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে এই কথোপকথন চলতে থাকে ব্রাত্য ও অভিজিতের। এ সময় ব্রাত্য প্রস্তাব দেন, "নবান্নের পরিবর্তে প্রাক্তন বিচারপতি যদি বিকাশভবনে আসেন তাহলে তিনি নিজে দায়িত্ব নিয়ে ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।" ব্রাত্য এও বলেন, সকালে তাঁর একটি প্রশাসনিক মিটিং আছে। দুপুর ২টো নাগাদ অভিজিৎবাবু যেন তাঁর চেম্বারে আসেন। তাতে রাজি হয়ে যান তমলুকের বিজেপি সাংসদ।
সল্টলেকে বিকাশ ভবনের অদূরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। তিনি বলেন, "খুবই ভাল প্রস্তাব। আমি দুপুরে বিকাশভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়ে আসব।"
কিন্তু বুধবার কসবা-সহ একাধিক জায়গায় চাকরিহারা শিক্ষকদের ওপরে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপরই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক ভেস্তে দেন প্রাক্তন বিচারপতি। এবার পাল্টা প্রতিক্রিয়ায় তাঁর সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী। জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেন, সেটাই দেখার।