দ্য ওয়াল ব্যুরো : বন্যার জলে ঝাঁপ দিয়ে স্ট্যান্ট দেখাচ্ছিল এক কিশোর। টিকটক ভিডিওয় তার ছবি তুলছিল দুই বন্ধু। আচমকাই কিশোরটি জলে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে এক বন্ধু। যে প্রথমে তলিয়ে যাচ্ছিল, সে কোনওরকমে পাড়ে উঠে আসে। কিন্তু যে বন্ধু তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল, সে ডুবে যায়। বিহারের দ্বারভাঙ্গা জেলার ঘটনা।
গত সোমবার দ্বারভাঙ্গার কেওটি ব্লকে বন্যার জলে ঝাঁপিয়ে পড়ে স্ট্যান্ট দেখাচ্ছিল কাসিম নামে এক কিশোর। পাড়ে দাঁড়িয়ে মোবাইলে টিকটক ভিডিওয় তার ছবি তুলছিল আফজল ও সিতারে নামে তার দুই বন্ধু। কাসিম আচমকা ডুবে যেতে থাকে। সে কোনওরকমে সাঁতার কেটে জলে ভেসে থাকার চেষ্টা করে। আফজল তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। কাসিম কোনওরকমে তীরে উঠে আসে। তার কিছুক্ষণ বাদে আফজল ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি টিম মঙ্গলবার জল থেকে আফজলের দেহ উদ্ধার করে। তাদের মোবাইল থেকে বেশ কয়েকটি ভিডিও পাওয়া গিয়েছে। তাতে দেখা যায়, তারা এক এক করে বন্যার জলে ঝাঁপিয়ে পড়ছে। ভিডিওয় সেই ছবি তোলা হয়েছে স্লো মোশনে।
জেলা প্রশাসন থেকে স্থানীয় মানুষকে বলা হয়েছে, বন্যার জল থেকে দূরে থাকুন। কেউ যেন স্ট্যান্ট দেখাতে না যায়। দ্বারভাঙ্গার জেলাশাসক ত্যাগরাজন বলেন, আমরা বাবা-মায়েদের কাছে আবেদন জানিয়েছি, তাঁরা যেন সন্তানদের প্রতি নজর রাখেন। কেউ যেন বন্যার জলে সেলফি তুলতে না যায়।