মেট্রোর কাজের সময় কয়েক বছরে একাধিকবার বাড়ি বিপর্যয় হয়েছে বউবাজারে। ২০১৯ সালে দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন-সহ লাগোয়া এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল।

বউবাজারে বাড়ি বিপর্যয়!
শেষ আপডেট: 7 December 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বউবাজারে (Bowbazar house collapse) ফের বাড়ি ধসের ঘটনা। রবিবার দুপুরে মদন দত্ত লেনের একটি বহু বছরের পুরনো বাড়ির চাঙড় ভেঙে পড়ে গুরুতর আহত হন এক ব্যক্তি। ছুটির বিকেলে ঘটে এই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ অন্যান্য আধিকারিকরা। দ্রুত শুরু হয় উদ্ধারকার্য।
মেট্রোর কাজের সময় কয়েক বছরে একাধিকবার বাড়ি বিপর্যয় হয়েছে বউবাজারে (Bowbazar house collapse)। ২০১৯ সালে দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন-সহ লাগোয়া এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। স্থানীয়দের ঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয়েছিল। এবার মেট্রো চলাচল শুরু হওয়ার পরও দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মেট্রোর রুটে নিয়মিত ট্রেন চলাচলের জেরে এলাকা প্রায়ই কেঁপে উঠছে। আর তার ফলেই বাড়ি দুর্বল হয়ে পড়েছে। তাঁদের দাবি, তাঁরা প্রায় দশ দিন আগে মেট্রো কর্তৃপক্ষকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি।
প্রায় আট মাস আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ফিরে এসেছিল নিজেদের পুরনো ঠিকানায় (Bowbazar house collapse)। মদন দত্ত লেনের এই বাড়ির বাসিন্দারাও তাঁদের পুরনো ভিটেমাটি ফিরে পেয়েছিলেন। কিন্তু তাঁদের দাবি, মেট্রো যাওয়ার সময় নিয়মিত বাড়িতে কম্পন টের পাওয়া যেত। সে ব্যাপারে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনও সমাধান হয়নি। তারই মাঝে ফের এই নতুন বিপর্যয়।
দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। মেট্রোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'অভিযোগ পেয়েও কেন কোনও উদ্যোগ নিল না মেট্রো? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।'
পরিস্থিতি সামাল দিতে দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং মেট্রো কর্তৃপক্ষ পুরনো বাড়িটির কাঠামো পরীক্ষা শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। ফলে নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে বউবাজারে।