পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 January 2026 16:53
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে যখন এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক সেই সময়েই সমুদ্রসীমান্তে (Borde) নতুন করে চাঞ্চল্য। ভারতের জলসীমা অতিক্রম করে ঢুকে পড়া একটি বাংলাদেশি ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Bangladeshi Trawler, Fraserganj)। ট্রলার থেকে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, আটক ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটি থেকে কোস্ট গার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে নিয়মিত টহলে ছিল। সেই সময়ই ভারতীয় জলসীমার ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ট্রলারটিকে। সঙ্গে সঙ্গে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলারে থাকা ২৪ জন মৎস্যজীবীকে হেফাজতে নেওয়া হয়। ধৃতরা সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
এরপর সোমবার ট্রলার ও আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে ভারতের জলসীমায় অনুপ্রবেশ এবং অবৈধ মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
এদিকে আটক হওয়া এক বাংলাদেশি মৎস্যজীবীর দাবি, “আমরা ইচ্ছে করে ভারতে ঢুকিনি। সমুদ্রে থাকতে থাকতে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমরা ভেসে গিয়েছিলাম। আশপাশে আমাদের দেশের আরও একটি ট্রলার ছিল, কিন্তু ওরা আমাদের ফেলে চলে যায়। তারপরই কোস্ট গার্ড এসে আটক করে। আমরা বুঝতেই পারিনি কখন ভারতের জলসীমায় ঢুকে পড়েছি।”
এর আগেও একাধিকবার এইভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশি ট্রলার আটক হয়েছে। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে সমুদ্রসীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।