
শেষ আপডেট: 3 January 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চোখ রাঙাচ্ছে চিনা নিউমোনিয়া, সঙ্গে করোনাও মাথাচাড়া দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। বাগদা ব্লকের বয়ড়া গ্রাম পঞ্চায়েতে এলাকায় রামনগরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন এক মহিলা। তিনি এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত ছিলেন। মঙ্গলবার বনগাঁও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মীনাক্ষী তরফদার। গত শনিবার বিকেলবেলা জ্বর এসেছিল। তাই তাঁকে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকঘণ্টা রাখার পরে জ্বর কমলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখনও তাঁর ডেঙ্গি টেস্ট হয়নি। বাড়িতে আনার পর ফের জ্বর আসে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় মীনাক্ষী দেবীকে স্থানীয় এক চিকিৎসকের ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে ডেঙ্গি টেস্ট করানোর পরামর্শ দেন।
টেস্ট করাতে তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসে। সেখানেই মীনাক্ষী দেবীকে ভর্তি নিয়ে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসারত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
ওই মহিলার স্বামী বলেন, পাঁচ মাসের নাতিও ডেঙ্গিতে আক্রান্ত। বাড়িতে চিকিৎসা চলছে। স্ত্রীর মৃত্যুর পর আশা কর্মীদের বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এখন এলাকায় প্রচার চালানোর ব্যবস্থা নেওয়া হয়নি।
বাগদা পঞ্চায়েতের সভাপতি সুদেবী মণ্ডল বলেন, ''এই ঘটনার আগে এলাকায় কেউ ডেঙ্গি আক্রান্ত হয়নি। ওই কংগ্রেস নেত্রীর মৃত্যুর পর বোঝা যাচ্ছে, যে নতুন করে ডেঙ্গি মাথা চাড়া দিচ্ছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলব।''