
শেষ আপডেট: 28 January 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে বোমাবাজি কাঁচরাপাড়ায়। বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া এলাকা। হাত উড়ল দুজনের। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী, সাংসদ অর্জুন সিং ও স্থানীয় কাউন্সিলর।
সূত্রের খবর, মধু রায় নামে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে বোমা ছোড়ে দু্ষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণি এলাকায়। অভিযোগ, টোটোতে চেপে দুষ্কৃতীরা এসে ব্যবসায়ী মধু রায়ের গোডাউনে পরপর বোমা ছুড়তে থাকে। গোডাউনে দুই কর্মী জখম হন। দু’জনের হাত উড়ে গেছে বলে খবর। তড়িঘড়ি আতহদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
লোহার জিনিস তৈরি করতেন মধু রায়। তাঁর গোডাউনে লোহার কাজই হত। মধুবাবুর মেয়ে জানিয়েছেন, তিনি অসুস্থ মাকে নিয়ে বাড়ির গেটের সামনে ওষুধ খাওয়াচ্ছিলেন। বিকট বিস্ফোরণের শব্দ হতেই তিনি ঘরে ঢুকে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে। কারা মধুবাবুর গোডাউনে বোমা ছুড়ল তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদারও। ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেছেন, “আমিও গোটা বিষয়টি শুনেছি। পুলিশ সবটাই দেখছে। দ্রুত দোষীরা ধরা পড়বে।”