
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 April 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টার ব্য়বধানে ফের বোমা উদ্ধার হল বীরভূমের (Birbhum) সেই গ্রাম থেকে। ঘটনার জেরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিন দুয়েক আগে বীরভূমের দক্ষিণ সিজা গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। এদিন সকালে ফের সেই গ্রাম থেকেই উদ্ধার করা হয়েছে বোমা।
খবর পেয়ে পুলিশ পৌঁছে বোম উদ্ধার হওয়া এলাকাটি ঘিরে রাখে। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে সেগুলি পরীক্ষা করে দেখছেন। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দাদের একাংশ।
তাঁদের কথায়, দুদিন আগেই যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল সেখানে কীভাবে ফের বোমা উদ্ধার হয়? পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে সংশ্লিষ্ট গ্রামে বোমা এল, নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, ২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই এলাকায় এলাকায় বোমা মজুত করতে শুরু করেছে শাসকদল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এলাকায় অশান্তি তৈরি করতে বোমা ঢুকিয়েছে বিজেপি।