
দক্ষিণেশ্বর স্টেশনে জম্মুতাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক।
শেষ আপডেট: 28 June 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের পর এবার দক্ষিণেশ্বর স্টেশন। বোমাতঙ্ককে ঘিরে শুক্রবার বিকেলে হুলস্থুল কাণ্ড স্টেশন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জিআরপি ও আরপিএফের সদস্যরা। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও।
রেল সূত্রের খবর, কলকাতাগামী জম্মুতাওয়াই এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ ঘিরে এদিন বিকেলে দক্ষিণেশ্বর স্টেশনে বোমাতঙ্ক ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্কিত যাত্রীরা।
ইতিমধ্যে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে স্নিফার ডগের সাহায্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটি।
সকালে কলকাতা বিমানবন্দরে ছড়িয়েছিল বোমাতঙ্ক। একইভাবে বিকেলে রেলেও বোমাতঙ্কের খবর ছড়ানোয় দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, ট্রেনে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াতেই দক্ষিণেশ্বরে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। এর আগে এদিন সকালে কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়িয়েছিল।