
শেষ আপডেট: 9 March 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনের ওপর বোমা! 'খবর' পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছলেন রেলের কর্তারা। এল রেল পুলিশ বাহিনী এবং জিআরপির দল। ডাকা হয় বোমা বিশেষজ্ঞদেরও।
শনিবার সকালে শিয়ালদহ রানাঘাট শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের দু’ নম্বর লাইনের ঘটনা। রেল সূত্রের খবর, যতক্ষণে ওই বোমার 'খবর' জানা গেছে, তার কিছু আগেই সংশ্লিষ্ট লাইন দিয়ে গেছে একটি ট্রেন।
রেলের এক কর্তার কথায়, "২ নম্বর লাইনের ওপর বোমাটি রাখা ছিল। সৌভাগ্যবশত বোমাটি ফাটেনি, না হলে কী হত কে জানে!"
কীভাবে রেল লাইনের ওপর বোমা এল, কারা কী উদ্দেশে বোমা রেখেছিল তা খতিয়ে দেখছেন রেলের কর্তারা। তবে বোমা উদ্ধারের জেরে এদিন সাত সকালে কাঁকিনাড়া স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এরপর ২ নম্বরের পরিবর্তে ৪ নম্বর লাইন দিয়ে সমস্ত ট্রেনকে ঘুরিয়ে স্টেশনে ঢোকানো হয়।
এদিকে রেল লাইনে বোমা পড়ে থাকার খবরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা কাম্ডের তদন্তে নেমেছে রেল পুলিশ।