
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 December 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র রোডের আতঙ্ক ফিরল গড়ফায়। ফের বহুতলের নীচে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ঘিরে শোরগোল তৈরি হল গড়ফা থানার পূর্বাচলের একটি বহুতলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন এলাকার একটি বহুতলের নীচে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গড়ফা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে স্পষ্ট করে এখনই কিছু বলতে চায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুতীর্থ ঘোষ (৫৯)। পেশায় বিমা এজেন্ট সুতীর্থর বাড়ি গড়িয়াহাটের খান রোডে। পূর্বাচলে বহুতলে কার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কীভাবেই বা বহুতলের ওপরে উঠলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে গত ২৩ ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র রোডের একটি বহুতলের নীচ থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তারও আগে সল্টলেকের সেক্টর ফাইভের এরকমই একটি ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল পরিবেশ চট্টোপাধ্যায় নামে মুকুন্দপুরের এক বাসিন্দার। এবার গড়ফার ঘটনা। বহুতল থেকে একের পর এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জনমানসে চাঞ্চল্য ছড়িয়েছে।