
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 December 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল 'নিখোঁজ' উচ্চ মাধ্যমিক ছাত্রীর দেহ। গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। উত্তর ২৪ পরগণার বসিরহাটের কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামের ঘটনা।
মৃত ছাত্রীর নাম সরমা মুন্ডা। এদিন সকালে পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, কে বা কারা ওই ছাত্রীকে খুন করেছে তা খতিয়ে দেখুক পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর বিকেলের পর থেকে ওই ছাত্রীর আর কোনও খোঁজ মিলছিল না। আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করেও মেয়ের খোঁজ না পেয়ে থানায় মিসিং ডায়েরি দায়ের করেছিলেন নিহত ছাত্রীর মা সাগরিকা মুন্ডা।
তাঁর অভিযোগ, বাইরে থেকে পরিকল্পনা করে মেয়েকে খুন করে পুকুরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ছাত্রীর কল লিস্ট খতিয়ে দেখছে। একই সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠদের জেরা করে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে।