
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 February 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যের এক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর ঘটনা। এক ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় নয়, এবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের এন জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।
মেডিক্যাল কলেজের ৩০৪ নম্বর রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ২৬ বছরের কিশান কুমার নামের এক যুবকের। তিনি বেগুসরাইয়ের বাসিন্দা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। যুবকের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তাঁর দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
সুত্র মারফৎ আপাতত জানা গেছে, ওই ডাক্তারি পড়ুয়ার প্রেমঘটিত কোনও সম্পর্কের জেরে অবসাদ সৃষ্টি হয়েছিল। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাই মূলত খুঁজে বের করতে উদ্যত পুলিশ। ইতিমধ্যে ওই পড়ুয়ার সহপাঠী বা সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, তাঁরা হয়তো মৃত্যুর কারণ সম্পর্কে কোনও তথ্য দিতে পারেন।