
শেষ আপডেট: 10 February 2024 08:01
দ্য ওয়াল ব্যুরো: রাতের রূপনারায়ণ নদীতে আসছিল দাড় টানা নৌকা। গাদাগাদি ভিড়ে দাঁড়ানোর উপায় ছিল না। যাত্রীরা নাকি বলেওছিলেন এভাবে যাওয়া যাবে না, নৌকায় জল ঢুকছে। কিন্তু সেই কথায় পাত্তা দেননি মাঝি। উল্টে আশ্বাস দিয়েছিলেন, ঠিক ওপারে চলে যাবে নৌকা। কিন্তু খানিকটা যেতেই হু হু করে নৌকায় ঢুকতে থাকে জল। মাঝ নদীতে ডুবে যায় নৌকা।
রূপনারায়ণ নদীতে সেই নৌকার মাঝিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাঝির নাম রবীন পাত্র। জয়পুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮০, ৩৩৭ এবং ৩০৪এ ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রের খবর, ওই নৌকায় বহনক্ষমতার বেশি যাত্রী বোঝাইয়ের অভিযোগ উঠেছে। মাঝির বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধেয় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রুপনারায়ণ নদীতে। পিকনিক করে হাওড়ার বাগনান ফেরার সময় ১৮জন যাত্রীকে নিয়ে তলিয়ে যায় নৌকাটি। পরে ১৩ জনকে উদ্ধার করা হলেও রাতভর ৫ জনের খোঁজ মেলেনি। শুক্রবার সকালে নিখোঁজদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ চারজন নৌকা যাত্রী। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, যাত্রীরা প্রথমে দুটি নৌকাতে গেলেও আসার সময় তাঁরা একটি নৌকায় ফিরছিলেন। কিন্তু সেই নৌকাই মাঝনদীতে টলমল হয়ে যায়। জল উঠতে শুরু করে। এরপরই উল্টে যায় নৌকা। বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ মিলে চালাচ্ছে উদ্ধারকাজ।