মঙ্গলবার পাহাড়ে প্রশাসনিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

শেষ আপডেট: 10 December 2025 19:55
সায়ন সাহা, শিলিগুড়ি: পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। দার্জিলিঙে প্রশাসনিক বৈঠকে এই তথ্য উঠে আসায় উদ্বিগ্ন পর্ষদ।
মঙ্গলবার পাহাড়ে প্রশাসনিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই পাহাড়ে পরীক্ষার্থীর সংখ্যা কমে আসার কথা জানিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রামানুজবাবু জানান, এবিষয়ে দ্রুত আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের। এমনটা কেন হল স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "পাহাড়ে ২০০জন পরীক্ষার্থী কমেছে তবে সমতলে আবার সংখ্যাটা বেড়েছে। পাহাড়ে কেন পরীক্ষার্থীর সংখ্যা কমল, তা আমরা পর্যালোচনা করছি ৷ সংখ্যাটা তুলনামূলক কম। তবুও প্রথম থেকেই বিষয়টি যথোপযুক্ত গুরুত্ব দেওয়া দরকার। তা হলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।"
ঠান্ডার জন্য পাহাড়ে অনেক কেন্দ্র কেন্দ্রে হিটারের প্রয়োজন হয়। সে প্রসঙ্গে তিনি বলেন, "স্কুলগুলোকে বলা হয়েছে আগে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য। থ্রি ফেজ লাইন নিয়ে প্রশাসনকে জানালেই প্রশাসন হিটারের ব্যবস্থা করে দেবে৷ কিন্তু থ্রি ফেজ লাইন না নিয়ে হিটারের কথা বললে তা সম্ভব নয়।" জঙ্গল লাগোয়া এলাকাগুলোতেও গত বছরের তুলনায় ব্যবস্থাপনা আরও ভালো করা হবে। কোনও ঘাটতি থাকবে না বলে তিনি জানান।
মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার প্রবণতা অনেক কমেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, "আমরা প্রচার চালিয়ে যাচ্ছি, যাতে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ না করে৷ সচেতনতা লক্ষ করা যাচ্ছে। সিসিটিভি থাকছে প্রায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই।"