শনিবার যখন কমিশন প্রশিক্ষণ দিচ্ছিল, তখনই বিএলও-রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেন, তাঁদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন।

বিক্ষোভ বিএলও-দের
শেষ আপডেট: 1 November 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গে এসআইআর (SIR West Bengal) ঘোষণার পর থেকেই ধিকিধিকি অসন্তোষ দেখা গিয়েছিল বুথ লেভেল অফিসার বা বিএলও-দের (BLO) মধ্যে। সেই জল গড়াল নজরুল মঞ্চে চূড়ান্ত ট্রেনিংয়ের মধ্যেও। শনিবার যখন কমিশন প্রশিক্ষণ দিচ্ছিল, তখনই বিএলও-রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেন, তাঁদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন। শুধু তাই নয়, স্কুলের কাজ সেরে এসআইআর-এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয়।
অধিকাংশ বিএলও-দের অভিযোগ, তাঁদের স্কুলে গরহাজির দেখানো হচ্ছে। কিন্তু, নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর পর্বে বিএলও-রা অন ডিউটি থাকবেন, তারপরও কেন কাজের কাজ কিছু করা হচ্ছে না, সেই নিয়েও সরব হয়েছেন তাঁরা।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যজুড়ে চলছে বুথ-স্তরের আধিকারিক বা বিএলওদের (BLO) প্রশিক্ষণ। তাঁদের শেখানো হচ্ছে কীভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়াই ঠিক করবে কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে আর কারা বাদ পড়বেন।
গত ২৮ অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত। কলকাতাতেও শনিবার দু’টি বড় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে সকাল ও বিকেলে দু'টি দফায় ক্লাস হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা, জোড়াসাঁকো এলাকার বিএলওরা প্রশিক্ষণ নেবেন। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় অংশ নেবেন এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়ার বিএলওরা। অন্যদিকে, মানিকতলার বিএলওদের জন্য পৃথক প্রশিক্ষণ শিবির হবে জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে।
সূত্রের খবর, এসআইআর ফর্ম ইতিমধ্যেই ডাউনলোড করা হয়ে গিয়েছে এবং শনিবারের মধ্যে তা ছাপার কাজও শেষ হবে। ৩ নভেম্বরের মধ্যেই এই ফর্মগুলি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষণা মাফিক, ৪ নভেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে ফর্ম বিলির কাজ শুরু হবে।
প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে ধাপে ধাপে। প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) দফতরে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং সহকারী নির্বাচনী আধিকারিকদের (AERO) মাধ্যমে তা নিচের স্তরে পৌঁছায়। তাঁরা বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন, যাঁদের কাছ থেকে শেষপর্যন্ত প্রশিক্ষণ পান মাঠপর্যায়ের বিএলওরা।
বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নভেম্বরেই সেখানে ভোট। কমিশনের তথ্য অনুযায়ী, ওই প্রক্রিয়ায় প্রায় ৩০ লক্ষ ‘অবৈধ’ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও একই লক্ষ্য নিয়ে চলছে এই বিশেষ নিবিড় সংশোধন, যেখানে মৃত ব্যক্তি বা অন্যত্র নাম থাকা ভোটারদের বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।