পরিবারের দাবি, বাড়ি থেকেই বেরিয়েছিলেন ‘বিএলও মিটিং’-এ যাওয়ার কথা বলে। তার পর আর ফেরেননি।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 25 December 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমায় (Katwa) ভোটার তালিকা সংশোধনের শুনানির ঠিক আগে হঠাৎ নিখোঁজ (Mysteriously Disappears) হয়ে গেলেন এক বিএলও (BLO)। দু’দিন কেটে গেলেও তাঁর কোনও হদিস না মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারের দাবি, বাড়ি থেকেই বেরিয়েছিলেন ‘বিএলও মিটিং’-এ যাওয়ার কথা বলে। তার পর আর ফেরেননি।
নিখোঁজ ব্যক্তি অমিত কুমার মণ্ডল। বাড়ি কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকায়। পেশায় তিনি শিক্ষক, কেতুগ্রামের উদ্ধারনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। একইসঙ্গে কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বও সামলাচ্ছিলেন।
পরিবারের সদস্যদের কথায়, মঙ্গলবার বেলা দশটা নাগাদ বাজার থেকে ফিরে মোটরবাইক রেখে আবার বেরোন অমিতবাবু। যাওয়ার আগে বাড়িতে জানান, বিএলও-র একটি মিটিং আছে। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন আত্মীয়রা খোঁজ চালাতে গিয়ে দেখেন, বাড়িতেই পড়ে রয়েছে তাঁর মোবাইল ফোন, বিএলও-র পরিচয়পত্র এবং এসআইআর-সংক্রান্ত নথিপত্র। ঠিক সেই সময়ই নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা কাটোয়া থানায়। সময় পেরিয়ে গেলেও এখনও মেলেনি কোনও সন্ধান।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় গেলেন অমিত কুমার মণ্ডল? নিখোঁজ হওয়ার পেছনে কি কোনও চাপ বা চাপের পরিস্থিতি কাজ করেছে? পরিবার স্পষ্ট করে কিছু বলতে না পারলেও তাঁদের দাবি, বিএলও-র দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি খানিকটা চাপের মধ্যে ছিলেন।
তথ্য অনুযায়ী, অমিতবাবুর দায়িত্বে থাকা ২৩ নম্বর বুথে ভোটার রয়েছেন ৬৪১ জন। শুনানির জন্য নোটিস বিলি করা হয়েছে ৩৩ জন ভোটারের কাছে। দু’দিনের মধ্যেই শুরু হওয়ার কথা শুনানি, সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল তাঁর। ঠিক তার মুখোমুখি সময়েই নিখোঁজ হয়ে যাওয়ায় প্রশাসনও পড়েছে বিড়ম্বনায়।
ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি কাটোয়া মহকুমাশাসক অনির্বাণ বসু। তবে তিনি মৌখিকভাবে জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, নিখোঁজ শিক্ষকের বাড়িতে এখন উদ্বেগ, দুশ্চিন্তা আর অপেক্ষার প্রহর গোনা। পরিবারের একটাই আরজি, “যেভাবেই হোক, অমিতকে খুঁজে বের করা হোক।”