বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, আগামী ২০২৬-এই তৃণমূলের বিসর্জন হবে। সাংবাদিকদের সামনে এই নিয়েই কথা বললেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 October 2025 00:16
দ্য ওয়াল ব্যুরো: বিসর্জনেই সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) শোভাযাত্রায় পরিবর্তনের ডাক। সেই ডাকে সাড়া দিয়ে শনিবার শোভাযাত্রায় সামিল হয়েছেন বিজেপির নেতা থেকে শুরু করে বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, বহু সাধারণ মানুষও। আর এই দৃশ্য দেখেই বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, আগামী ২০২৬-এই তৃণমূলের বিসর্জন হবে। সাংবাদিকদের সামনে এই নিয়েই কথা বললেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
শমীক ভট্টাচার্য বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছেন তাঁরা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবেন। এই নির্বাচনের কমান্ড আর কোনও রাজনৈতিক দলের হাতে নেই। গণতন্ত্রে মানুষই সবচেয়ে শক্তিশালী। তৃণমূল সরকারি কর্মচারী, অসংগঠিত শ্রমিক, মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই মানুষ সংঘবদ্ধ হয়ে এদের বিসর্জন দিয়ে দেবে।'
তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে (Trinamool Congress) সরিয়ে দেওয়ার। বিগত নির্বাচনগুলিতে তাঁরা বুঝিয়ে দিয়েছেন বিজেপিই একমাত্র তৃণমূলকে হারাতে পারে।' অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বিজেপি রাজ্য সভাপতির বার্তা, 'আমরা সকলকে আহ্বান করছি, কিছুদিনের জন্য মতাদর্শ দূরে রেখে, পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে এগিয়ে আসতে হবে।'
এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের শোভাযাত্রায় দেখা যায় পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।
বিসর্জনেই পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিলেন সজল ঘোষ (Sajal Ghosh)। চাকরিহারা শিক্ষক ও ডিএ আন্দোলনকারীদেরও অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিম ছিল 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার জবাবে হয়েছিল ভারতের 'অপারেশন সিঁদুর' সামরিক অভিযান। কিন্তু পুজোর শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার আশঙ্কা জানিয়েছিলেন সজল ঘোষ। এরপরও পাঁচদিনের পুজোয় প্রায় ৫০ লক্ষ মানুষ প্যান্ডেলে এসেছিলেন বলে দাবি উদ্যোক্তাদের।