দলের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রচারের ব্যাপ্তির নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তর থেকে দক্ষিণ— প্রথম দফার প্রচার পর্বে সব মিলিয়ে ৩০টি জনসভা ও জনসংযোগ করবেন শাহ।

অমিত শাহ, নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ
শেষ আপডেট: 11 April 2026 21:18
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল— প্রথম দফার এই হাই-ভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election 2026) নিজেদের শক্তি প্রদর্শন করতে কোনও খামতি রাখছে না বিজেপি (BJP)। প্রচারের ময়দানে হেভিওয়েট নেতাদের নামিয়ে একপ্রকার ‘কার্পেট বম্বিং’ করার রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির।
দলের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রচারের ব্যাপ্তির নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তর থেকে দক্ষিণ— প্রথম দফার প্রচার পর্বে সব মিলিয়ে ৩০টি জনসভা ও জনসংযোগ করবেন শাহ।
বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার নির্বাচনী লড়াইয়ে বিজেপি নেতৃত্বের রণকৌশলটি এই রকম:
কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্বকেও বাংলার লড়াইয়ে নামানো হয়েছে।
স্মৃতি ইরানি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ১৩টি জনসভা করবেন।
নীতিন নবীন: পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক নীতিন নবীন থাকছেন ১০টি সভায়।
মানিক সাহা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী জনজাতি অধ্যুষিত এলাকায় ৯টি সভা করবেন।
হিমন্ত বিশ্বশর্মা ও বিপ্লব দেব: অসমের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রত্যেকে ৮টি করে সভা করবেন।
তালিকায় নাম রয়েছে বিনোদন জগৎ থেকে রাজনীতিতে আসা ব্যক্তিত্বদেরও।
কঙ্গনা রানাওয়াত: হিমাচলের সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৭টি জনসভা করবেন।
রাজনাথ সিং ও জেপি নাড্ডা: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রত্যেকে ৬টি করে জনসভা করবেন।
অন্যান্যরা: তালিকায় রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (৬টি সভা), হেমা মালিনী (৪টি সভা) এবং রাজস্থানের নেত্রী রেখা গুপ্তা (৫টি সভা)। অর্জুন মুণ্ডা এবং বাবুলাল মারান্ডিও জঙ্গলমহলের ৪টি সভায় অংশ নেবেন।
এ তো গেল প্রথম দফার গল্প। বিজেপি দ্বিতীয় দফার জন্যেও অনুরূপ পরিকল্পনা করেছে। তবে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণবঙ্গে একাধিক জনসভা করবেন বলে খবর। আর প্রধানমন্ত্রীর জন্যেও শিডিউল তৈরির কাজ চলছে। সূত্রের খবর, একেবারে শেষ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহর কলকাতায় দু'টি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। একটি হবে উত্তর কলকাতায় আরেকটি দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের কথা মাথায় রেখে রোড শো বা জনসভার পরিকল্পনাও করছে বিজেপি।