
শেষ আপডেট: 22 October 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথাই সত্যিই হল! দল বিরোধী কাজ যে বিজেপি সমর্থন করবে না, তা খুব চড়া সুরেই জানিয়েছিলেন তিনি। দেখা গেল, সেই দল বিরোধী কাজের অভিযোগেই চারজন বিজেপি নেতাকে বহিষ্কার করল বঙ্গ বিজেপি।
বিজেপি সূত্রে খবর, বীরভূমের চারজন নেতাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত করা হয়েছে। সেই সংখ্যাটা যে আরও বাড়তে পারে, সেই আভাসও দিয়ে রাখল পদ্ম শিবির। এখন প্রশ্ন হল কেন তাঁদের বহিষ্কার করল বিজেপি? জানা গেছে, বিজেপির যে চারজন নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা সকলেই দলে 'বিদ্রোহ' ঘোষণা করেছিলেন।
দিন কয়েক আগেই বঙ্গ বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বীরভূমের কয়েকজন নেতা। প্রথমে সল্টলেকের অফিসের সামনে, পরে মুরলিধর সেন লেনের অফিসের সামনেও বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের ছবি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছিল বিজেপি।
বিক্ষোভের দিন সুকান্ত জানিয়েছিলেন, দল এই ধরনের কাজকর্ম কখনই সমর্থন করবে না। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরের কোন্দল নিয়ে দলের মধ্যেই চাপা উত্তেজনা ছিল। বিজেপির নীচু তলার কর্মীদের কাছে এমন বার্তা যাওয়া যে খুব একটা ভাল নয় বুঝেছিল দলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের অভিমত, চব্বিশের নির্বাচনের আগে চার নেতাকে বহিষ্কার করে বিজেপি ড্যামেজ কন্ট্রোল করল।