
শেষ আপডেট: 2 December 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীতে দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে পথে নামল বিজেপি। শনিবার সকালে বিজেপি কর্মীদের বিক্ষোভে রাজ্যের একাধিক জায়গা সরগরম হয়ে ওঠে। বিক্ষোভরত বিজেপি কর্মীদের পুলিশ বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির।
এদিন সকালে দুর্গাপুরের বি ওয়ান মোড়ের ব্যস্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মী-সমর্থকরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে শনিবার চুঁচুড়াতেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়।
শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে কল্যাণীর বিজেপির যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে,এই দাবি তুলে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি কর্মীরা।
শনিবার সকাল থেকেই বেশ অনেকক্ষণ উত্তেজনার পরিস্থিতি চলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এবং কমব্যাট ফোর্স। পরে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। দ্রুত অভিযুক্তরা গ্রেফতার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।