
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2024 10:56
দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে! কোচবিহারের সিতাইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযোগ উঠেছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজ নামের ওই সন্ন্যাসীকে গালাগাল দেওয়া এবং মারধর করার অভিযোগে বিদ্ধ অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আশ্রমে গেছিলেন অনন্ত মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন এলাকারই দুই বাসিন্দা। ওই সময়ে মঠে থাকা সন্ন্যাসী বিজ্ঞদানন্দের সঙ্গে কোনও কারণে তর্কে জড়িয়ে পড়েন অনন্ত। তারপরই তাঁকে গালাগালি দেওয়া শুরু করেন তিনি এবং সন্ন্যাসীর গায়েও নাকি হাত তুলেছিলেন।
আশ্রমে ঢুকে সরাসরি এক সন্ন্যাসীকে এইভাবে হেনস্থার ঘটনা ঘটায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, এই এলাকায় অনন্ত 'বহিরাগত।' তাই তাঁকে আশ্রমে ফিরে এসে সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি অনন্তের শাস্তির দাবিতে সরব হয়ে গ্রামবাসীরা রাজ্য সড়কও অবরোধ করেন। আশ্রমের পড়ুয়া এবং অন্যান্য আবাসিকরাও ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন।
তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক উদয়ন গুহ ঘটনার নিন্দা করে বিজেপি সাংসদের শাস্তি দাবি করেছেন। তাঁদের কথায়, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আশ্রমে ঢুকে এক সন্ন্যাসীকে মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এদিকে বিজেপি বলছে, বিষয়টি ব্যক্তিগত হতে পারে। তবে এই ধরনের ঘটনা তাঁরাও সমর্থন করেন না। তাঁরা আশ্রমের মহারাজের সঙ্গে আছেন।