
শঙ্কর ঘোষ
শেষ আপডেট: 20 November 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন বা বিধানসভায় ধর্নার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বঞ্চিত। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। শিলিগুড়ির সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অথচ সরকার নির্বাক। তাই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন শঙ্কর।
বিজেপি বিধায়কের বক্তব্য, শিলিগুড়ি পুরসভার ৩৩ ওয়ার্ড থেকে নাগরিকরা বঞ্চিত। তিনি মেয়রকে বিধায়ক তহবিলের টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি অসহযোগিতা করেছেন বলে দাবি। শঙ্কর জানান, তিনি স্পিকার, পুর দফতরকেও জানিয়েছিলেন। তবে লাভ হয়নি। অভিযোগ, সর্বক্ষণ হুটার বাজিয়ে মেয়র ঘোরেন কিন্তু বিধায়ককে সময় দেওয়ার মতো সুযোগ তাঁর হয়নি। তাই শঙ্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। কোনও পদক্ষেপ না হলে নবান্ন বা বিধানসভায় ধর্না করবেন বলে জানিয়েছেন।
শঙ্করের অভিযোগ, তিনি কলোনির কাজ করতে চান কিন্তু কলোনির উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না৷ কেন বিধায়ক তহবিলের টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিধায়ক। এও বলেন, তিনি বিধায়ক ও বিরোধী দলের মুখ্য সচেতক হিসাবে চিঠি দিলেও সেটার প্রাপ্তি স্বীকার করা হয় না। বাহাত্তরটি প্রকল্প জমা দেওয়ার পর দুটোর বেশি কাজ এগোয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। শঙ্করের সাফ কথা, শিলিগুড়িতে একটা কাজও করা হচ্ছে না।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকারিভাবে ৪টি স্কিল সেন্টার চালু করার কথাও জানান। তবে মমতার এই উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করেছেন শঙ্কর ঘোষ। তাঁর কথায়, জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে বারবার। তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবারও উত্তরবঙ্গে গেছিলেন কিন্তু জমি কেলেঙ্কারি নিয়ে একটা কথাও বলেননি।