আসানসোলে একটি ক্যারম বোর্ড উদ্বোধন করে নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রধানমন্ত্রীর ‘উদ্বোধন সংস্কৃতি’র কথা মনে করিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়।

ক্যারম বোর্ড উদ্বোধনে অগ্নিমিত্রা পাল
শেষ আপডেট: 24 May 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মন্ত্রী নিজের বিবাহ বার্ষিকীতে গোয়াল ঘর উদ্বোধন করেছিলেন। সন্তানদের জন্মদিনে বাড়ির নতুন দেওয়াল হোক বা মাথার ছাদ, দুঁদে রাজনীতিকদের দহরম-মহরম উদ্বোধনী অনুষ্ঠানের চক্করে হারিয়ে যায় অভিনব ফিতে কাটার খবর। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনায় নাম উঠে এসেছে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। চর্চার কারণ তিনি ক্যারম বোর্ড (Carrom Board) উদ্বোধন করেছেন। আর সেই ছবি ভাইরাল করেছেন তৃণমূলের (TMC) যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, গেরুয়া উত্তরীয় গলায় চাপিয়ে ম্যাচ বোর্ড সাইজের ক্যারম উদ্বোধন করছেন বিজেপি নেত্রী (BJP MLA)। আর সেই ছবির সঙ্গে দেবাংশুর সোশ্যাল মিডিয়া পোস্ট, "ক্যারম বোর্ডের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০২৬-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল এমনকি লুডোরও উদ্বোধন করবেন আশা করি।" ব্যাঙ্গ করে বিধায়ককে অভিনন্দনও জানিয়েছেন তৃণমূল নেতা।
আসানসোল দক্ষিণের (Asansol South) বিধায়ককে ক্যারম বোর্ড উদ্বোধন করতে দেখে নেটিজেনদের একজন লিখেছেন, "আর কিছু পেল না? সব ছেড়ে ক্যারাম বোর্ড? বিজেপি দলটা শুধুমাত্র হাসির খোরাক হয়ে গেল।" কেউ আবার দেবাংশুর সেই পোস্টে লেখেন, "নেই কাজ তো খই ভাজ…এঁর এই অবস্থা… নিজের বিধানসভাতেই তো টিকিটি খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় ছাড়া… বিধানসভার কেউ ঠিক ভাবে চেনেও না অগ্নিমিত্রাকে।"
বস্তুত, অগ্নিমিত্রা পালের জনসংযোগ কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণে। যার পোশাকি নাম 'পাড়ায় পাড়ায় দিদিভাই'। এই কর্মসূচিতে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শুনছেন। শুক্রবার সেই ভাবেই ইসমাইল এলাকায় জমা জলে মানুষের নাভিঃশ্বাস ওঠার কথা জানতে পারেন বিধায়ক। তাই সটান সেখানে পৌঁছে যান।
বিধায়ককে সামনে পেয়ে অভিযোগের পাহাড় নিয়ে বসেন বাসিন্দারা। জানা গিয়েছে, অগ্নিমিত্রার এই জনসংযোগ কর্মসূচির মাঝেই একটি ক্লাবে ঢুকে ক্যারম বোর্ডের উদ্বোধন করেন তিনি। যা নিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়।