
জন বার্লা।
শেষ আপডেট: 5 November 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন। ভোট হবে আলিপুর দুয়ারের মাদারিহাটেও।
আর সেই ভোটের আগেই উত্তরবঙ্গ বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত! শাসকদলের দাবি, শীঘ্রই তৃণমূলে ফিরতে চলেছেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। মোদীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রীও ছিলেন। তার আগে অবশ্য তৃণমূলেই ছিলেন জন।
সোমবারই তৃণমূলের জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠক করেছেন জন। তারপর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা চড়ছে।
এবারের লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছিল দল। সূত্রের খবর, ভোটে জেতার পর থেকেই এলাকায় একচেটিয়া দাপট শুরু করেছেন মনোজ। তার জেরে ক্রমশ কোনঠাসা হয়েই জন দল বদলাতে মরিয়া বলে খবর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নামোল্লেখ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বার্লা। বলেছিলেন, "এমন ভাবখানা যে ও শুধু এমপি নয়, ওই জেলায় দলের জেলার চেয়ারম্যান, ওই যেন বিধায়ক। ওয়ান ম্যান আর্মি যাকে বলে আর কি! ও যদি একাই সব বুঝে নিতে পারে তাহলে বাকিদের দলে থেকে লাভ কি?
টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি বার্লাকে। এবারেও উপ নির্বাচনের প্রচারে বেরোননি তিনি। বলছেন, "মনোজ টিগ্গা তো ওয়ান ম্যান আর্মি! দেখি, আমাকে ছাড়া উপ নির্বাচনে বিজেপি জিততে পারে কিনা!"
তবে দল বদল নিয়ে জন নিজে এখনও কোনও মন্তব্য না করলেও তৃণমূলের আলিপুর দুয়ারের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, "অপেক্ষা করুন, আর তো ক'টা দিন। সময় হলেই সব দেখতে পাবেন।"