
ফাইল ছবি
শেষ আপডেট: 31 March 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা চান না রামনবমীর (Ramnavami) দিন কোনও রাস্তা বন্ধ হোক। বরং চান, সব রাস্তা খোলা থাকুক যাতে মানুষ অবাধে হাঁটতে পারে। মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিকে রামনবমীর মিছিলে তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla) থাকতে পারেন, এই প্রশ্নের জবাবে তাঁকে চরম কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে, বড়সড় চ্যালেঞ্জ করেন তাঁকে।
এবারে রামনবমীর মিছিলে সামিল হতে পারেন শওকত মোল্লা। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ''শওকতের এত দম থাকলে আগে নওদা, মুর্শিদাবাদে যাক। মোথাবাড়ি গিয়ে শান্তি মিছিল করুক। বোঝাক, ধর্মনিরপেক্ষতা শুধু হিন্দুদের জন্য নয়, তোমাদের জন্যও। যে চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না, সে ধর্মের কথা বলে! শওকত মোল্লাকে বলব, ২১-এর নির্বাচনের পর ক্যানিংয়ে যারা ঘরছাড়া হয়ে গেছে, তাদের ডেকে নিয়ে রামনবমীর মিছিল করো। নেতৃত্ব দাও। তাহলে বুঝব তোমার বুকের পাটা আছে।''
হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে রাজ্যে অশান্তি হয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। শওকত প্রসঙ্গে তিনি পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি ফিরিয়ে আনেন। ভাঙড়ের ঘটনার কথা উল্লেখ করে বিজেপি নেতা বলেন, ''পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। গাড়ি গাড়ি চোর-ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল করার জন্য। তবে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে, গাড়ি ঘিরে ধরে তখন নেড়ি কুকুরের মতো লেজ গুটিয়ে দৌড় মেরেছিল ওরা।'' দিলীপের কথায়, এদের মতো নেতার থেকে বিজেপি রাজনীতি শিখবে না।
রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার নিয়ে বিতর্ক কম হয়নি। এখনও সে নিয়ে চর্চা হচ্ছে। এবছরও অস্ত্র নিয়ে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সেই বিষয়ে দিলীপ সাফ জানান, ''অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। মহরমে অস্ত্র বেরোতে পারে, রামনবমীতে কেন নয়? আমাদের সব দেব-দেবীদের হাতে অস্ত্র রয়েছে। আর মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরনোর দরকার আছে কারণ পুলিশের ওপর ভরসা নেই।'' বিজেপি নেতার কটাক্ষ, পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই, তাঁরা কী করে সুরক্ষা দেবে!
পুলিশের তরফে অবশ্য আগেই সতর্ক করে বলা হয়েছে, রামনবমীর আগে পোস্টার-প্ল্যাকার্ড লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে। এও জানানো হয়, আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দিতেও অনুরোধ করা হয়েছে।