
শেষ আপডেট: 12 October 2022 02:20
দ্য ওয়াল ব্যুরো: ১৬ জন দলিত শ্রমিককে (dalit laborers) দু'সপ্তাহ ধরে কফি বাগানে আটকে রেখে মারধর এবং নির্মম অত্যাচার (torture) করার অভিযোগ উঠল বিজেপির এক নেতা (BJP leader) ও তার ছেলের বিরুদ্ধে। বাবা-ছেলের অত্যাচারে এক দলিত শ্রমিক তরুণীর গর্ভপাত (miscarriage) হয়ে যায় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরুর একটি কফি বাগানে। অভিযুক্ত বিজেপি নেতার নাম জগদীশ গৌড়া, তাঁর ছেলের নাম তিলক গৌড়া। জগদীশ গৌড়া ওই কফি বাগানটির মালিক বলে জানা গেছে। জগদীশ ও তিলকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই কফি বাগানেরই ১৬ জন দলিত শ্রমিককে আটকে রেখে নির্মম অত্যাচার করেছেন। অর্পিতা নামে এক তরুণী ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অত্যাচারের ফলে তাঁর গর্ভপাত ঘটে যায়। বর্তমানে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
তারপরেই পুরো ঘটনা সামনে আসে। অভিযোগের ভিত্তিতে জগদীশ ও তিলকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তারপর থেকেই পলাতক দু'জন।
পুলিশ জানিয়েছে, কফি বাগানের মালিক জগদীশ গৌড়ার থেকে কফি শ্রমিকদের ৪টি পরিবার মোট ৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত দিতে না পারায় তাঁদের উপর অত্যাচার করতে শুরু করেন জগদীশ ও তাঁর ছেলে। ১৬ জন দলিত শ্রমিককে ১৫ দিন ধরে ঘরে আটকে রাখা হয়। পুলিশ জানিয়েছে, গত ৮ অক্টোবর বালেহোন্নুর থানায় কফি শ্রমিকদের পরিবারের তরফে এ বিষয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু সেদিনই কিছুক্ষণ পর সেই অভিযোগ তুলে নেওয়া হয়। পরে অর্পিতা নামক অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁর গর্ভপাত হয়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর পুরো ঘটনা সামনে আসে।
এই অভিযোগ ওঠার পর স্থানীয় গেরুয়া নেতৃত্ব দাবি করেছেন, জগদীশ আদৌ তাঁদের কোনও নেতা নন। তিনি শুধুমাত্র একজন সাধারণ বিজেপি সমর্থক বলে জানিয়েছেন তাঁরা।