
শেষ আপডেট: 26 October 2023 19:37
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ দিলেন আরও এক বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার সন্ধেয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক তাঁকে উত্তরীয় পরিয়ে দেন।
এর ফলে লোকসভা ভোটের আগে এরাজ্যে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে রাজনৈতিকভাবে এরাজ্যে বিজেপির শক্তি আরও হ্রান্স পেল বলেই মনে করা হচ্ছে।
তৃণমূলে যোগ দিয়ে বিজেপির কোতলপুরের বিধায়কের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের উন্নয়নের শরিক হতেই এই সিদ্ধান্ত।”
বৃহস্পতিবার বিকেলে আচমকা অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির হন কোতলপুরের বিজেপি বিধায়ক। সূত্রের খবর, পুজোর আগে থেকেই তৃণমূল নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। দলবদলের ইচ্ছেও প্রকাশ করেন। এরপরই দলীয়স্তরে খোঁজখবর নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। গতবারে বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে জয়ী হয়েছিল বিজেপি। এই মুহূর্তে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দলের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা । এহেন বাঁকুড়ায় বিধায়কের দলবদলের ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্বর ভূমিকায় ক্ষুব্ধ বাঁকুড়ার একাংশ বিজেপি নেতা, কর্মীরা। সম্প্রতি তারই প্রতিফলন দেখা গিয়েছিল মফস্বলের এই জেলায়। খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে একটি ঘরে তালাবন্দি করে রেখেছিলেন কর্মীরা। নেতৃত্বের প্রতি একাংশের ক্ষোভের প্রতিফলনেই এই দলবদল বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া মেলেনি।