
শেষ আপডেট: 19 October 2023 19:20
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হল শারদোৎসব। গত বছরই ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ 'কালচারাল হেরিটেজ' তকমা দিয়েছে। তারও বহু আগে থেকে, সেই ২০১৩ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকার বাংলার এই উৎসবকে আরও আকর্ষণীয় করতে এবং বাঙালির সৃজনশীলতা ও শিল্পচেতনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু করেছিল 'বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার'। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি রাজ্যের বাকি জেলা থেকেও বেছে নেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে অতুলনীয় কয়েকটি পুজো। তারপর পুরস্কৃত করা হয় সেগুলিকে।
অন্যান্য বছরের মতো এই বছরেও কলকাতা পুর সংস্থা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুর সংস্থা, হাওড়া পুর সংস্থা এলাকার পুজোগুলির মধ্যে থেকে সবচেয়ে অভিনব পুজোগুলি বেছে নেওয়া হয়েছে যেগুলিকে ৮টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। বিভাগগুলি হল: সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা এই পুরস্কার প্রদানের জন্য বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেছেন।
কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ও সেরা সমাজ সচেতনতা- এই ৪টি বিভাগে প্রদান করা হয়েছে 'বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩' পুরস্কার।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এবার সেরার সেরা পুজোর পুরস্কার তুলে দেওয়া হয়েছে ৩৭টি পুজো কমিটির হাতে। সেগুলির মধ্যে রয়েছে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, ত্রিধারা অকালবোধন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, আহিরীটোলা সর্বজনীন, দমদম পার্ক তরুণ দল, বড়িশা ক্লাব, হাতিবাগান সর্বজনীন, বাদামতলা আষাঢ় সংঘ, রাজডাঙ্গা নব উদয় সংঘ, কাশী বোস লেন সর্বজনীন ইত্যাদি।
সেরা মণ্ডপ বিভাগে পুরস্কার পেয়েছে নেতাজি কলোনি সর্বজনীন দুর্গা উৎসব, ন'পাড়া দাদাভাই সংঘ, কামডহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি এবং চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব।
সেরা প্রতিমার পুরস্কার তুলে দেওয়া হয়েছে কালীঘাট মিলন সংঘ, এন্টালি মাতৃভূমি, ৭৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব খিদিরপুর, মহম্মদ আলি পার্ক এবং উল্টোডাঙ্গা তেলেঙ্গাবাগানের হাতে।
সেরা সাবেকি পুজো বিভাগে পুরস্কার পেয়েছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী এবং সিংহি পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
সেরা পরিবেশবান্ধব পূজার তালিকায় রয়েছে সল্টলেকের এফডি পার্ক ব্লক সর্বজনীন পূজা কমিটি, টালা বারোয়ারি, চোরবাগান, সন্তোষপুর লেক পল্লী, কুমারটুলি সর্বজনীন, আহিরিটোলা যুবকবৃন্দ সহ মোট ১৩টি পুজো।
সেরা ভাবনা বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মোট ১৮টি পূজা কমিটির হাতে। তার মধ্যে রয়েছে লেকটাউনের ভারতচক্র পূজা কমিটি, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, চালতা বাগান সর্বজনীন, বেলেঘাটা ৩৩ পল্লী, বোসপুকুর তালবাগান সর্বজনীন, বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি।