দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে নিজের জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন বছর ২৭-এর এক যুবক। মুম্বইয়ের পন্থনগর এলাকায় এক পার্কে গিয়ে তিনি বন্ধুদের সঙ্গে জন্মদিনের উৎসব করছিলেন। তখনই তাঁকে ছুরি মারে বন্ধুরা।
ওই যুবকের নাম নীতেশ সাওয়ান্ত। জন্মদিনের পার্টিতে বন্ধুরা তাঁকে ছুরি দিয়ে নৃশংসভাবে কোপায়। পরে তারা পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
পুলিশ ইনস্পেকটর প্রতাপ ভোসলে বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, চার-পাঁচদিন আগে ওই যুবকের সঙ্গে কয়েকজনের ঝগড়া হয়েছিল। তার জেরেই তিনি খুন হয়েছেন।
পুলিশ জানতে পেরেছে, নীতেশের জন্মদিন ছিল শনিবার। কিন্তু উৎসবের আয়োজন করা হয়েছিল রবিবার। পুলিশ ওই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’-তিনজনকে।