
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 September 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: বার্ড ফ্লুর দাপট বাড়ছে ওড়িশায়। যার জেরে আগামী দু’সপ্তাহের জন্য ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে ডিম ও চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য।
সূত্রের খবর, ওড়িশার পুরী-সহ কয়েকটি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে। এদিকে ওড়িশার সীমান্তে রয়েছে রাজ্যের দুই মেদিনীপুর। দাঁতন থানার সোনাকনিয়া সীমান্ত দিয়ে জাতীয় সড়ক ধরে ওড়িশা থেকে বাংলায় ঢোকা যায়। এতদিন ওই পথেই ওড়িশা থেকে দুই মেদিনীপুরে ডিম, মাংস ঢুকতো।
বার্ড ফ্লুর সংক্রমণের জেরে আপাতত মাংস, ডিমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সীমান্ত এলাকায় শুরু হয়েছে নাকাচেকিংও।
রাজ্যের তরফে জানানো হয়েছে, বাংলায় এই মুহুর্তে ভয়ের কোনও কারণ নেই। তবে বার্ড ফ্লু যেহেতু দ্রুত মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে তাই সতর্কতা হিসেবে আপাতত আগামী দু'সপ্তাহ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যের প্রতিদিন ডিমের চাহিদা মেটাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ থেকে কয়েকশো লরি বাংলায় প্রবেশ করে। ওড়িশার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় স্থানীয়স্তরে মুরগির ডিমের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রশাসন জানিয়েছে, কালো বাজারি রুখতে নজরদারি চালানো হচ্ছে।
একই সঙ্গে ওড়িশা সীমান্তের পোল্ট্রি ফার্মগুলি থেকে স্যাম্পেল সংগ্রহ করছেন প্রাণিসম্পদ দফতরের কর্তারা।