দ্য ওয়াল ব্যুরো: শপিং মলে এক বয়স্ক ব্যক্তিকে আঘাত করে বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউইট। যাঁকে তিনি আঘাতে করেছেন তিনি বিখ্যাত গায়ক অঙ্কিত তেওয়ারির বাবা। তাঁর নাম রাজকুমার তেওয়ারি। বয়স ৫৯ । তাঁর অভিযোগ, রবিবার তিনি পরিবারের সঙ্গে শপিং মলে ছুটি উপভোগ করছিলেন। তখন বিনোদ কাম্বলির স্ত্রী তাঁকে আঘাত করেন।
মুম্বইয়ের মালাড অঞ্চলে ইনঅরবিট মলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাদা টি শার্ট পরা এক ভদ্রলোক এক মহিলার পাশ দিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের পাশে রয়েছে একটি কমবয়সী মেয়ে। ভদ্রলোকের হাতটি মহিলার দেহে কোনওভাবে ঠেকে গেল। তার পরেই মহিলা ভদ্রলোকের মাথায় আঘাত করলেন। দু’জনের ঝগড়া শুরু হল।
ওই ভদ্রলোকই অঙ্কিত তেওয়ারির বাবা। পাশের কমবয়সী মেয়েটি তাঁর নাতনি। যে ভদ্রমহিলার শরীরে তাঁর হাত ঠেকে গিয়েছিল, তিনি বিনোদ কাম্বলির স্ত্রী।
রাজকুমার তেওয়ারির অভিযোগ, আন্দ্রিয়া তাঁকে পা থেকে স্যান্ডেল খুলে মেরেছেন। বিনোদ কাম্বলির দেহরক্ষীদের হাতে তাঁর ছোট ছেলে মার খেয়েছে। অন্যদিকে বিনোদ কাম্বলি টুইট করেছেন, এক দুষ্কৃতী আমার স্ত্রীকে খারাপভাবে স্পর্শ করতে চেয়েছিল। তাকে বাধা দিলে সে ছেলেদের ডেকে নিয়ে এসে মারপিট করে। এই ঘটনায় আরও একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।