
বিকাশ মিশ্র
শেষ আপডেট: 13 January 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: পকসো মামলা ভিত্তিহীন বলে দাবি করে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিকাশ মিশ্র। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। শর্তসাপেক্ষে তাঁর জামিন করা হয়েছে।
সোমবার এই মামলার শুনানিতে বিকাশ মিশ্রের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। এটা একটি পারিবারিক সমস্যা সংক্রান্ত মামলা। কিন্তু তাঁকে ফাঁসাতে এই মামলা করা হয়েছে। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে তাঁর এও বক্তব্য, বিকাশের অপরাধের কোনও প্রমাণ এখনও দিতে পারেনি পুলিশ। কালীঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল। পরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়। বিকাশের বিরুদ্ধে নাবালিকার হয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন খোদ বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
সোমবার বিকাশের জামিন মামলার শুনানিতে রাজ্য আশঙ্কা প্রকাশ করে বলেছিল, বিকাশ মিশ্র অভিযোগকারীদের ভয় দেখাতে পারে। তাঁরা প্রত্যেকেই খুব ভীত। তাঁদের প্রাণহানির আশঙ্কাও রয়েছে তিনি জামিন পেলে। যদিও শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর করে।