
শেষ আপডেট: 26 June 2023 07:08
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ছাত্রকে রাস্তায় ধূমপান করতে দেখে ফেলেছিলেন শিক্ষক। সেই অপরাধে তাকে টেনেহিঁচড়ে স্কুলে নিয়ে গিয়ে, জামা খুলে, বেল্ট দিয়ে পিটিয়ে, মেরেই ফেললেন কয়েকজন শিক্ষক মিলে! বিহারের চম্পারন জেলার 'মধুবন রাইজিং স্টার' স্কুলের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে পরিবার। তাদের ১৫ বছরের ছেলেকে খুন করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেছে তারা। বজরঙ্গি কুমার নামে দশম শ্রেণির ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সিল করে দিয়েছে স্কুলটিকে।
জানা গেছে, ওই স্কুলে নতুন ভর্তি হয়েছিল বজরঙ্গি। হোস্টেলে থাকত। সম্প্রতি গরমের ছুটিতে বাড়ি এসেছিল। শনিবার সকালে সে বাড়ি থেকে বাজারে গেছিল, একটি দোকানে মায়ের ফোন সারাতে দেওয়া ছিল সেটি আনতে। সেখান থেকে ফেরার সময়েই সে একটি ব্রিজের নীচে দাঁড়িয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সিগারেট ধরায়।
এমনই সময়ে তাকে দেখে ফেলেন মধুবন স্কুলের চেয়ারম্যান এবং শিক্ষক বিজয় কুমার যাদব। তাঁর সঙ্গে ছিলেন ওই স্কুলেরই আর এক শিক্ষক, যিনি আবার বজরঙ্গি কুমার নামে ওই ছাত্রের পারিবারিক আত্মীয়ও। এর পরে চেয়ারম্যান বিজয় কুমার ছেলেটির বাড়িতে খবর দিয়ে জানান ছেলের কুকীর্তির কথা। তার পরে তাকে টেনে হিঁচড়ে সোজা নিয়ে যান স্কুলে।

অভিযোগ, এর পরে অন্য শিক্ষকদের জুটিয়ে বজরঙ্গিকে প্রবল মারধর শুরু করেন তিনি। তার মা উষ্মিলা ও দিদির অভিযোগ, জামা খুলে বেল্ট দিয়ে বেদম মারা হয় ছেলেকে। মার খেয়ে সে লুটিয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গলায় এবং হাতে গভীর ক্ষত হয়ে যায়, রক্ত পড়তে থাকে যৌনাঙ্গ থেকেও। শেষমেশ তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। বাবা হরিকিশোর রায় পাঞ্জাব গেছেন শ্রমিকের কাজ করতে, খবর পেয়েই ছুটে আসেন বাড়িতে।
স্কুল কর্তৃপক্ষ যদিও পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বজরঙ্গিকে মোটেও মারা হয়নি। ধূমপানের কথা বাড়িতে জেনে গেলে কী হবে, এই ভয়ে সে বিষ খায়।
ফের পথকুকুরের আক্রমণে মৃত ছোট্ট মেয়ে! কামড়ে, হিঁচড়ে নিয়ে গেল, ভিডিও দেখে শিউরে উঠছে সবাই