
শেষ আপডেট: 11 November 2023 10:01
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ঋতু বৈচিত্র্য থেকে নাকি গায়েব হয়ে গিয়েছিল হেমন্তকাল। প্রকট হয়ে উঠেছিল ৩টি ঋতু- গ্রীষ্ম, বর্ষা ও শীত। সত্যি বলতে গত কয়েক বছরে আবহাওয়ার বেশ খানিকটা বদল যে হয়েছে তা স্বীকার না করে উপায় নেই। অক্টোবর পর্যন্ত গুমোট গরম, আর কালীপুজো মিটতেই ঝুপ করে শীত নামা। সঙ্গে সারা বছর লেগেই রয়েছে বৃষ্টি। তবে চলতি বছর বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যেই বৃষ্টি হলেও পুজোটা মূলত শুকনোই কেটেছে। কালীপুজোও কি তেমনই কাটবে, নাকি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ভূত চতুর্দশী এবং আগামীকাল কালীপুজোয় রাজ্যের কোথাওই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে আরও খানিকটা পারদপতন হবে। সব মিলিয়ে ভাইফোঁটা পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া। আবার জাঁকিয়ে শীত পড়তেও যেহেতু খানিক দেরি আছে, তাই হেমন্তের পরশ আগামী কয়েকদিন বেশ ভালই উপভোগ করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর অবশ্য এ কথাও জানিয়েছে, ভ্রাতৃদ্বিতীয়া মিটলেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আর কয়েকটা দিন না কাটলে সেকথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। ফলে শুষ্ক হবে বাতাস। সেই সঙ্গে খানিকটা পারদ পতনও হবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় শীত অনুভূত হবে।
আবহাওয়া শুষ্ক হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরের কোথাওই আপাতত কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং কালীপুজো মিটলেই উত্তরের জেলাগুলিতে লাফিয়ে নামবে তাপমাত্রা।
আজ শনিবার ভূত চতুর্দশীর দিন কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে।